মুকসুদপুরে ৯০ হাজার জাল টাকাসহ একজন আটক
প্রতিকি ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯০ হাজার টাকার জাল নোট জমা দিতে গিয়ে আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম ফকির মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পূবালী ব্যাংক মুকসুদপুর শাখায় এক হাজার টাকার মোট ৯০টি নোট জমা দিতে যান আব্দুর রহিম। এ সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে নোটগুলো ভালোভাবে পরীক্ষা করে জাল হিসেবে শনাক্ত করা হয়।
পরে ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।