খাগড়াছড়িতে তক্ষক পাচারচক্রের দুই সদস্য আটক

খাগড়াছড়িতে তক্ষক পাচারচক্রের দুই সদস্য আটক

প্রতিকি ছবি

খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচারচক্রের দুই সদস্যকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—রাঙ্গামাটির লংগদু থানার ৫ নম্বর ওয়ার্ডের সোনাই গ্রামের মৃত তৈয়ব আলী মুন্সির ছেলে হাফেজ আলী (৩৮) এবং একই থানার ১ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম (২৯)।

বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর শহরের আবাসিক হোটেল ‘দ্য গ্রিন ভ্যালি’ থেকে সদর থানা পুলিশ ও সদর রেঞ্জের যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারচক্রের সদস্য হাফেজ আলী (৩৮) ও আমিরুল ইসলাম (২৯)-কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মেডিপ্লাস টুথপেস্টের একটি বাক্সের মধ্যে প্রায় সাত ইঞ্চি পরিমাণ একটি তক্ষক উদ্ধার করা হয়।

শুক্রবার পাচারচক্রের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬-এর ৪১(৩) তফসিল-১(খ) ধারা অনুযায়ী অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে ৪৪(১) ধারা মোতাবেক মামলা করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।