জেনে নিন ঈদের দিন শাহী নওয়াবি জর্দা তৈরী করবেন যেভাবে

জেনে নিন ঈদের দিন শাহী নওয়াবি জর্দা তৈরী করবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত।

ঈদের দিনে কিছু খাবার আছে, যা আমরা সব সময় খেয়ে থাকি। জর্দা তার মধ্যে একটি। ঈদে নানা ধরনের মিষ্টির সঙ্গে জর্দা তৈরির রেওয়াজ থাকে।আজকাল মিষ্টিমুখের আয়োজনেও পুরোনো ডেজার্টকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়। তাই চেনা জর্দাকেও নতুন স্বাদ আনতে নওয়াবি জর্দা করতে পারেন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই ‘নওয়াবি জর্দা’ ঈদের টেবিলকে করে তুলবে রঙিন ও আনন্দময়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে শাহী নওয়াবি জর্দা তৈর করবেন-

উপকরণ

১. পোলাও/বাসমতি চাল ২কাপ

২. ঘি ১ কাপ

৩. চিনি ৪ কাপ

৪. ক্রিম ১ কাপ (হেভি ক্রিম)

৫. ঘন তরল দুধ ১ কাপ

৬. গুঁড়া দুধ আধা কাপ

৭. কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ

৮. এলাচ ৪টি

৯. দারুচিনি ২ টুকরো

১০. তেজপাতা ১টি

১১. কিশমিশ ১ টেবিল চামচ

১২. পেস্তা কুচি ১ টেবিল চামচ

১৩. কাজুবাদাম কুচি ১ টেবিল চামচ

১৪. মাওয়া ১ টেবিল চামচ

১৫. ছোট মিষ্টি পরিমাণমতো

১৬. হলুদ ফুড কালার সামান্য (ঐচ্ছিক)

১৭. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

শাহী নওয়াবি জর্দা বানানোর জন্য প্রথমে চাল ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে লবণ দিয়ে ৮০ ভাগ সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পানিতে ফুড কালার মিশিয়ে নিতে পারেন। অন্যদিকে একটি পাত্রে ঘন দুধ, গুঁড়া দুধ ক্রিম এবং কনডেন্সড মিল্ক মিশিয়ে পাঁচ মিনিট জ্বাল দিয়ে ঘন মালাই তৈরি করুন।

এরপর একটি কড়াইতে ঘি গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতা ফোঁড়ন দিন। এর পর সেদ্ধ করা চাল কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। চিনি গলে পানি শুকিয়ে আসলে ওপর থেকে মালাই, কিশমিশ ,পেস্তা-বাদাম কুচি, মাওয়া এবং ছোট মিষ্টি সব উপকরণ একসাথে হালকা আঁচে ১৫ মিনিট দমে রাখুন। নামিয়ে ঠান্ডা হওয়ার পর শাহী নওয়াবি জর্দা পরিবেশন করুন।