বেলকুচির ওয়াপধাঁ খালে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিচ্ছন্নতা অভিযান
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খালে নেমে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। শনিবার সকালে বেলকুচি পৌর শহরের ওয়াপধাঁ খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রায় দুই ঘণ্টা ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
‘এসো দেশ ও পৃথিবী বদলাই, নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ছোট নদী-নালা ও খালবিল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সদস্য সচিব বনি আমিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগে দেশে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা, যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে দেশের মানুষকে রোগ থেকে সুরক্ষিত রাখতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় মানুষের কল্যাণে খাল-বিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।