ব্রাহ্মণবাড়িয়ায় নদী রক্ষায় সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান’ স্লোগানে এ সমাবেশ আয়োজন করে নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর এলাকায় তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে এ আয়োজন করা হয়। সমাবেশের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় পাখি অবমুক্ত করা হয়।
সভার প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, নদী ও প্রকৃতি সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নদী ও প্রকৃতি সুরক্ষায় কোনো বাধা মানা হবে না। প্রশাসন তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এ বিষয়ে তিনি দল-মত নির্বিশেষে সবার সমর্থন ও সহযোগিতা আশা করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদী রক্ষায় করণীয় বিষয়ে বক্তব্য রাখেন মো. মাহবুব খাঁন।
সভায় সভাপতিত্ব করেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। বক্তারা নদী সুরক্ষায় দখল ও দূষণ দূরীকরণে প্রশাসনের উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হক।
এ সময় তরী বাংলাদেশের সরাইল শাখার আহ্বায়ক হাজী আবুল কালামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।