ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় সাব্বির শেখ (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাব্বির ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামের মিলন শেখের ছেলে। সে তুজারপুর ইউনিয়নের জানদি উত্তরপাড়া মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাব্বিরকে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস রত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাব্বির শেখ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’