ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪২ বস্তা সরকারি চাল জব্দ
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ভিজিএফের কার্ড বিতরণে অনিয়মের রেশ কাটতে না কাটতেই এবার একই ইউনিয়নের বাইশমৌজা বাজার থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে বীরগাঁও ইউননিয়নের বাইশমৌজা বাজারের একটি দোকান থেকে এই চাল জব্দ করে পুলিশ।
তবে এ চাল কারা কি কারণে ওই দোকানে রেখে গেছে, তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠের কাছে ৪২ বস্তা চাল জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাইশমৌজা বাজারের একটি দোকানের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে চাল ভর্তি একটি মিনি ট্রাক থেকে ওই ৪২ বস্তা চাল নামানো হয়। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম মিয়ার নেতৃত্বে কয়েকজন পুলিশ সেখানে এসে দোকানদার হানিফ মিয়াসহ ওই চাল আটক করে।
এ বিষয়ে এএসআই নাঈম মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এসে দোকানদার হানিফ মিয়াসহ এই সরকারি চাল আটক করি। পরে বিস্তারিত জানতে পারবেন।
’
তবে দোকানদার হানিফ মিয়ার সঙ্গে এ নিয়ে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।
তবে বীরগাঁও চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘এই চালের সঙ্গে আমার বা ইউনিয়ন পরিষদের কারো কোনো সম্পৃক্ততা নেই। তবে শুনেছি, ১৫ টাকা কেজির এই সরকারি চালের মালিক নাকি স্থানীয় এক ডিলার। তবে কিভাবে এতগুলো চাল বাজারের দোকানে এলো, এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান রাতে কালের কণ্ঠকে বলেন, ‘৪২ বস্তা চাল কিভাবে বাজারের একটি দোকানে এল, সেটি তদন্তের পরই বলা যাবে। আপাতত ৪২ বস্তা চাল ওই দোকানে জব্দ থাকবে। পুরো বিষয়টির তদন্তভার পিআইওকে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, মাত্র একদিন আগে ‘বীরগাঁও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে কালের কণ্ঠে শনিবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।