আকাশ হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আকাশ দাশ হত্যার মামলার পলাতক আসামি মো. রাতুলকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার বিকাল ৩টায় নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানার একটি কারখানা এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা আকাশ দাশকে (২৬) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
তিনি কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাতুলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।