ভোটের কালির দাগ শুকায়নি, এরই মধ্যে পাঁচ প্রতিশ্রুতি বাস্তবায়ন: তথ্যমন্ত্রী
সংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের বয়স এখনো এক মাস হয়নি, ভোটারদের আঙুলের কালির দাগও শুকায়নি। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে সরকার।
তিনি আরও বলেন, সরকারের এই কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে।
খাল পুনঃখননের সুফল তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে স্থানীয় কৃষকেরা সেচ সুবিধা পাবেন এবং ভূ-পৃষ্ঠের পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে গৌরনদীর নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়েছিল। বর্তমানে খালটির কার্যকারিতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে প্রায় এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল।
খালটির মোট দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। প্রথম পর্যায়ে ২ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো খাল পুনঃখনন করা হবে। কাজ শেষ হলে ওই এলাকার প্রায় ৯০০ একর কৃষিজমি সেচ ও পানি নিষ্কাশন সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন স্থানীয় বিএডিসি কর্মকর্তারা।