বিলহামলা খাল জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের স্মারক: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিলহামলা খাল জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের স্মারক: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের একটি স্মারক। এটি খননে জিয়াউর রহমানই উদ্যোগ নিয়েছিলেন। যা আজও গ্রামীণ সেচ ব্যবস্থার একটি অন্যতম স্মারক হিসেবে টিকে আছে। 

তিনি আরও বলেন, এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোঁড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে।

সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে বুড়িগঞ্জ বাজার এলাকায় খালটি পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিলহামলার মতো পুরোনো খালগুলো পুনরায় খনন করে সেচ ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা স্থানীয় জনগণের কৃষি ও অর্থনৈতিক সুবিধার জন্য অতি গুরুত্বপূর্ণ।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃষকদের সহায়তায় আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে।