চাঁদপুরে রং দিয়ে শিশু খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রং দিয়ে শিশু খাদ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অনুমোদনবিহীন এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে তপদার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার এবং প্যাকেজিং স্থান যথাযথ না হওয়ায় বরকত ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানার আদেশ দেন আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।
এ সময় অনুমোদনহীন ক্ষতিকর রং ব্যবহার করে তৈরি করা শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।