ব্রক্ষপুত্র নদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরিকুল ইসলাম ইমন (১৭) হোসেনপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই খুরশিদ মহল সেতুর নিচে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তারা ভৈরব নৌ পুলিশকে বিষয়টি অবহিত করলে নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর থেকে ইমন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে নদীতে মরদেহের সন্ধান মেলে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড এবং হত্যার পর মরদেহ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।