মোসাদ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
প্রতিকী ছবি
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার তথ্য পাচারের দায়ে ইরানে কুরোশ কাইভানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই দণ্ড কার্যকর করা হয়। গত বছর জুন মাসে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছিল।
তদন্তকারীদের দাবি অনুযায়ী, ২০২৩ সালে সুইডেনে অবস্থানকালে 'বেন' নামক এক ফার্সিভাষী মোসাদ এজেন্টের মাধ্যমে কাইভানি নিয়োগপ্রাপ্ত হন।
এরপর তিনি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সফর করে তার হ্যান্ডলারের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করেন এবং সরাসরি তেল আবিবে গিয়ে দুই সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণে তাকে ইরানের সংবেদনশীল ও স্পর্শকাতর স্থাপনাগুলোর ছবি ও ভিডিও ধারণের কৌশল শেখানো হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি প্যাডরা ভ্যান ও মোটরসাইকেল ছাড়াও উচ্চপ্রযুক্তি সম্পন্ন আধুনিক গুপ্তচরবৃত্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের স্বীকারোক্তি, তার ইমেইল থেকে সংগৃহীত তথ্য এবং উদ্ধারকৃত সরঞ্জামাদির ভিত্তিতে আদালত কাইভানিকে রাষ্ট্রদ্রোহ ও যুদ্ধকালীন শত্রুরাষ্ট্রের সাথে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করে এই চূড়ান্ত রায় প্রদান করে।