নেত্রকোনায় বিএনপি-যুবদলের তিন নেতাকে শোকজ, একজনের পদ স্থগিত

নেত্রকোনায় বিএনপি-যুবদলের তিন নেতাকে শোকজ, একজনের পদ স্থগিত

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি ও যুবদলের মোট চারজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের তিনজনকে শোকজ নোটিশ ও একজনের পদ স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার ও বুধবার পৃথকভাবে চিঠিতে তাদের কারণ দর্শানোর নোটিশ ও পদ স্থগিত করণ করা হয়।

নোটিশ প্রাপ্তরা হলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর রহমান নাজিম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান কবির। এছাড়াও নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মন্ডলের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ প্রদান করা হয়।
পরের দিন বুধবার দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক স্বাক্ষরিত দুটি এবং যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়।   

পৃথক শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে, পদ স্থগিত সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুন মন্ডলকে তার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নোটিশপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, এ বিষয়টি শুনেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।