চুয়াডাঙ্গায় টর্নেডোর তাণ্ডবে দুই গ্রাম লণ্ডভণ্ড, দেয়ালচাপায় নিহত ১
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে দুটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দেয়ালচাপায় আকমান আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সেকেন্ডের তাণ্ডবেই অন্তত ২০টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা এবং ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক খুঁটি। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছ ও ভাঙা খুঁটি অপসারণে কাজ করছেন।
টর্নেডোর পরপরই শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। গৃহহীন হয়ে পড়া অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে উদয়পুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ভেঙে পড়া টিন ও মালামাল সংগ্রহ করে ঘর মেরামতের চেষ্টা করছেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে।