সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
সংগ্রহীত ছবি
রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
পুলিশ জানায়, হাসুর বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং বর্তমানে তিনি থানায় রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, আবুল হাসেম ওরফে হাসুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি আদাবর ও শ্যামলী এলাকায় একটি প্রভাবশালী ক্যাডার বাহিনী গড়ে তুলে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকায় আধিপত্য বিস্তার করেন। তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল এবং সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে।