কলাপাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে আটটি গ্রামে ঈদ উদযাপন
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ হাজার মানুষ।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে ওইসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।
ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের পরিচালক মো.নিজম বিশ্বাস জানান, তারা প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।