ঈদ আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল তরুণের
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় ঈদ আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হৃদয় হোসেন (১৮) অপর এক তরুণ আহত হয়েছেন।
নিহত সুরুজ পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে এবং আহত হৃদয় পাশের শ্মশানপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঈদের দিন দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনে রাস্তায় ছিটকে পড়েন। এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত হৃদয় চিকিৎসাধীন আছেন।