মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে ইউপি চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্রামের নজির গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ঈদের আগে থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সোমবার সকালে লাউকুড়ার মাঠে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নজির গ্রুপের ২১ জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০) নামে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।