ডেমরায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু
প্রতিকি ছবি
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি বাসায় লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে বাপ্পি জানান, রবিবার রাতে তার মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। হালিমা ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।