চট্টগ্রামে অফিসে অফিসে ঈদের আমেজ

চট্টগ্রামে অফিসে অফিসে ঈদের আমেজ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি ছিল। ছুটি শেষে মঙ্গলবার অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ। ফলে অফিসে অফিসে ছিল ঈদের আমেজ।

জানা যায়, টানা ছুটির পর গতকাল খুলছে অফিস। কিন্তু কর্মরতদের সরব উপস্থিতি থাকলেও ছিল ছুটির আমেজ। সর্বত্র চলছে খোশ মেজাজের আড্ডা ও গল্প। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়সহ সর্বত্র চলছে ছুটির আমেজ।

জনতা ব্যাংকের কর্মকর্তা মো. ওসমান বলেন, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম। তাই কাজও কম। তবে আগামী এক-দুই দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে।

একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঈনুদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে গতকাল থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ব্যস্ততা কম থাকায় শুভেচ্ছা বিনিময় করে সময় কাটিয়েছে সহকর্মীরা। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে লেনদেন বাড়বে।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকেই ছিল নগরের বিভিন্ন প্রবেশপথে নগরে ফেরা মানুষের ভিড়। নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড় ও বিআরটিসিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে অন্যবারের তুলনায় ভোগান্তি কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। যাওয়ার সময় কিছুটা ভিড় ও চাপ থাকলেও ফেরার পথে যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। কোথাও বড় ধরনের ভোগান্তি হয়নি। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে।