বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
প্রতিকি ছবি
বগুড়ার শাজাহানপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ এর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।
শাজাহানপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। ভোর ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশ মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আগুনে বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।