নারায়ণগঞ্জে হেরোইন-ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, ভোরে শিমরাইল এলাকায় সন্দেহজনকভাবে কালো রঙের একটি ব্যাগ হাতে অবস্থান করছিল ছাইদুর ইসলাম (২৬)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ছাইদুর ইসলামের বাড়ি কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া (গর্জনিয়া বাজার) এলাকায়।
ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামিকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।