মেহেরপুরে গণহত্যা দিবস পালন
সংগৃহীত ছবি
মেহেরপুর গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনছারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারা বলেন, এই দিনের স্মৃতি জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়, যা কখনো ভোলার নয়। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে তারা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।