গোপালগঞ্জে গণহত্যা দিবস পালন

গোপালগঞ্জে গণহত্যা দিবস পালন

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের জয়বাংলা পুকুরপাড়ে বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত বীর শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রীয় সালাম, দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।