শিরোপা ফিরে পেতে ক্রীড়া আদালতে সেনেগালের আপিল

শিরোপা ফিরে পেতে ক্রীড়া আদালতে সেনেগালের আপিল

সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল ঘিরে বিতর্ক থামছেই না। দুই মাস পর ম্যাচের ফল বদলে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছে সেনেগাল।

দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত—কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে। তাদের দাবি, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সিদ্ধান্ত ‘অন্যায়’ ও ‘আইনবহির্ভূত’।

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ে এগিয়ে যায় সেনেগাল। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে দেন পাপা গুইয়ে। ম্যাচের শেষ দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন মরক্কো পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি ব্রাহিম দিয়াজ।

ম্যাচ চলাকালীন ভিএআর নিয়ে বিভ্রান্তি, খেলোয়াড়দের মাঠ ছাড়ার ঘটনা এবং দীর্ঘ বিরতির পর খেলা পুনরায় শুরু—সব মিলিয়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পরে অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে ঘটনার নাটকীয় মোড় আসে গত সপ্তাহে। সিএএফ এক বিবৃতিতে জানায়, সেনেগাল ‘ম্যাচ বর্জন করেছে’ এবং ফলাফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়ে সেনেগাল।

দেশটির সরকারও সিএএফের সিদ্ধান্তকে ‘চরম বেআইনি’ আখ্যা দিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। এমনকি ‘দুর্নীতির সন্দেহ’ নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

সেনেগাল ফুটবল ফেডারেশনের আইনজীবীরা বিষয়টি নিয়ে প্যারিসে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে। এখন নজর ক্রীড়া আদালতের সিদ্ধান্তের দিকে—যা এই বিতর্কিত ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে পারে।