কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংগৃহীত ছবি

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে কুমিল্লা টাউন হল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অন্যদিকে দিবসটি উপলক্ষে কুমিল্লা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ নিয়ে দেশপ্রেম ও শৃঙ্খলার প্রদর্শন করে।