চাঁদপুরে ট্রলি-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে কিবরিয়ার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিনা বেগম (২৫) রয়েছেন। তিনি একই উপজেলার পিপলকড়া এলাকার আবু সুফিয়ানের স্ত্রী।জানা গেছে, রিনাসহ অন্যান্য যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশায় করে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সিএনজিটি দ্রুতগতিতে চলছিল এবং বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত মুরগিবাহী ট্রলিটিও ছিল বেপরোয়া গতিতে। একপর্যায়ে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা ছিটকে সড়কের দুই পাশে পড়ে যান। এ সময় কিবরিয়া সড়কে পড়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ছুটে এসে তিনজন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
তিনি আরও জানান, আহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন। ট্রলি ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।