প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

সংগ্রহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আপামর জনগণের সাহসিকতা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নতুন প্রজন্মকে সাহস, সততা ও দেশপ্রেম নিয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি ও কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর, বিএনপি ফ্রান্স শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা আব্দুস রশিদ পাটওয়ারী ও কবির আহমেদ, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, বিএনপি নেতা মিল্টন সরকার এবং সমাজকর্মী তানভীর ওয়াদুদসহ অনেকে।