রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার দুই

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার দুই

প্রতিকি ছবি

রংপুরের স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানর ভাষণ প্রচার ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় এই ঝটিকা মিছিল বের করে তারা। ঝটিকা মিছিলে ১০-১২ জন নেতাকর্মী অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সন্ধ্যার দিকে নগরীর থেকে হৃদয় ও হিমেল নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান বলেন, মিছিলের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে পীরগাছা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনাটি ঘটে।

‎আটক উদয় সরকার উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে উদয় নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।