চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ১

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ১

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলির ঘটনায় সৈয়দ মো. মুজিবুল হক (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে হাটহাজারী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতারকৃত মুজিবুল হক হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসাইন জানান, চন্দনপুরা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত একজন হাটহাজারী থানার মাদার্শা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন আসামি মুজিবুল হককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে উপর্যপুরি গুলি চালায় একদল দুর্বৃত্ত। পরে ব্যবসায়ী মোস্তাফিজুর জানান, তাদের পরিবারের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা। চাঁদা না দেওয়ায় তার অনুসারীরা ওই গুলির ঘটনা ঘটায়। এর আগে গত ১ জানুয়ারিও ওই বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা।