রাজধানীতে চুরি হওয়া স্বর্ণালংকারসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীতে চুরি হওয়া স্বর্ণালংকারসহ পাঁচজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লালবাগ থানা পুলিশের এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), মো. আল-আমিন (২৩), মো. কাশেম আহাম্মেদ (২৮) ও মো. নাহিদ (৩৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়। 

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে।

ঘটনার দিন সকাল পৌনে ১১টার দিকে গৃহকর্মীর কাজের জন্য রোজিনা আক্তার বাদীর বাসায় প্রবেশ করেন। কিছুক্ষণ কাজ করার পর তিনি কাজ অসমাপ্ত রেখে একই ভবনের অন্য ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বের হয়ে যান। পরে আর ফিরে আসেননি। ওই ভবনের বিভিন্ন বাসায় খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে বাদী ও তাঁর স্ত্রীর সন্দেহ হয়।

তাঁরা বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে লাগেজের চেইন খোলা দেখতে পান। 

তাঁরা দেখেন, সেখানে রাখা স্বর্ণালংকারের বাক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল, একটি লকেটসহ মোট ৯ ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় ডিএমপি লালবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়।