মামার মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ইমনের
ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ওমর ফারুক (২০)।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের ভগ্নিপতি সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরে পরিবার জানতে পারে, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
ইমনের বাবার নাম মৃত স্বপন আলী। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। এক ভাই ও এক বোনের মধ্যে ইমন ছিলেন সবার ছোট।