‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে অভিযান, সাড়ে ১৩ হাজার লিটার উদ্ধার

‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে অভিযান, সাড়ে ১৩ হাজার লিটার উদ্ধার

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। 

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুত রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মজুতকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতিজনকে ২০০ টাকার তেল হিসেবে বিতরণ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, পুকুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার তেল থাকলেও তেল নাই লেখা ব্যানার টাঙিয়ে সরবরাহ বন্ধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে সঙ্গে চালকদের কাছে তেল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।