কেরানীগঞ্জে তিন জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে তিন জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিকি ছবি

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। গ্রেফতারকৃতরা হলেন- কবির হোসেন, বাসুদেব বর্মন, আমীর হামজা, শাওন ও মিন্টু।  

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন। তিনি জানান, রবিবার রাতে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২০০ টাকা ও ৫২টি তাস জব্দ করা হয়। অন্যদিকে একই রাতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।