গাইবান্ধায় অভিযানের পর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধায় অভিযানের পর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ১৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের আলাই নদীর ভূতমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান। তিনি বলেন, অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে আলাই নদীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছিল। এতে নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সাঘাটা থানা পুলিশের এএসআই শুশংকর কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।