খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ ৯

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ ৯

প্রতিকি ছবি

 লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের অন্তত ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার রাত ১০টার দিকে বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থরা হলেন—সুপ্ত (১২), মুন্না (৮), ইসমোতারা (৩), রমিচা (৫০), শান্ত (৮), মিম (১৮), মুক্তা (১২), সুমি (২৫), জিনান ও মুবিন।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা গোপনে রান্না করা ভাতের হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে পরিবারের সদস্যরা সেই ভাত খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয়দের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার এসআই স্বপন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।