পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরাফাত মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, আর আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।