ভারতে প্রেম করে বিয়ে, চার মাসের মাথায় স্ত্রীকে বিষাক্ত ইনজেকশন পুশ!

ভারতে প্রেম করে বিয়ে, চার মাসের মাথায় স্ত্রীকে বিষাক্ত ইনজেকশন পুশ!

ছবিঃ সংগৃহীত।

বিয়ের মাত্র চার মাসের মাথায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের গুরুগ্রামে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কাজল শর্মা (২৩) স্থানীয় একটি নার্সিংহোমের নার্স ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী অরুণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অরুণ পেশায় রেডিওলজিস্ট এবং গুরুগ্রামের একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন। সেখানেই কাজলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, পরে গত নভেম্বরে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই নানা অজুহাতে কাজলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন অরুণ—এমন অভিযোগ করেছেন নিহতের পরিবার। নেশার টাকা ও পণের দাবিতে তাকে প্রায়ই মারধর করা হতো বলেও দাবি তাদের।

দোল উৎসবের সময় কাজল গুরুগ্রামের গারহি হরসরু এলাকায় বাবার বাড়িতে যান এবং সেখানেই অবস্থান করছিলেন। অভিযোগ, গত ১৭ মার্চ সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় কাজলকে বেধড়ক মারধর করেন অরুণ। পরদিন সকালেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর দুপুরে কাজলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অরুণ পালিয়ে যান। পরে শনিবার গাজিয়াবাদ থেকেতাঁকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে কাজলের বাবার বাড়ির শৌচাগার থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ ও অ্যানাস্থেটিক অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে কাজলের শরীরে ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা, বিষাক্ত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

গুরুগ্রাম সেক্টর-১০ থানার কর্মকর্তা কুলদীপ সিং জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছেন। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।