ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিকি ছবি

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের আলী হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলীর মুরারীদহ এলাকায় ছেলের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছেলের বাড়ি থেকে আরাপপুর এলাকায় আসার পথে রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে ময়নাতদন্ত করা হবে।