রংপুরে জাল নোট তৈরি চক্রের সদস্য গ্রেফতার
ফাইল ছবি
রংপুরে র্যাব- ১২ ও ১৩ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রুবেল হোসেন নামে জাল নোট চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। আটক রুবেল হোসেন (৩৪) রংপুরের গঙ্গাচড়া থানার চেংমারী সেকেন্দার আলীর ছেলে।
র্যাব-১২ অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান জানান, গত ২৯ মার্চ একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে শনাক্ত করে তাকে রংপুরের গঙ্গাচড়ার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে রুবেল ও তার সহযোগীরা গোপনে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় তা আসল নোট হিসেবে বাজারে ছাড়তো। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।