মোংলায় মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি

মোংলায় মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল।

বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি ভুক্তভোগী রোগীর স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত রবিবার ভোরে বিষপান করা এক রোগীকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে বলে দাবি করেন স্বজনরা। পরে ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্রদল ও যুবদলের সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।