মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, গ্রেপ্তার ১৩
প্রতিকি ছবি
মাদারীপুর সদর উপজেলার থানতলী ও পাকদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানতলী এলাকার ফজল খা গ্রুপ ও পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২৯ ও ৩০ মার্চ দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং নতুন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে থানতলী, পাকদী ও গোলাবাড়ী জজকোর্ট মিলসংলগ্ন এলাকায় দোকানপাট ও ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশকে বাধা দিতে বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পরে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মুন্না (২৫), হাসান (২৫), মৃত্তুন জয় (২১), শাহাদৎ (৩৫), ফেরদৌস বেপারী (৩৬), শাকিল বেপারী (২২), সজল (২২), মাসুদ শেখ (৩৫), তানভীর খান (১৫), জিহাদ (১৬), সাকিল (১৫), বেল্লাল (১৫) ও ইমন মোল্লা (১৫) রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাঙ্গা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।