যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সেতু ধ্বংস, নিহত ৮

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সেতু ধ্বংস, নিহত ৮

সংগ্রহীত ছবি

ইরানের আলবোরজ প্রদেশের করাজ শহরে অবস্থিত বিখ্যাত বি১ সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৫ জন বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নর কার্যালয়।

আঞ্চলিক কর্মকর্তারা জানান, “ভয়াবহ এই হামলায় আলবোরজের বিলঘান গ্রামের বাসিন্দা, পথচারী এবং প্রকৃতি দিবস উদযাপন করতে সেতুর আশপাশে অবস্থান করা পরিবারগুলো প্রাণ হারিয়েছেন।”

ইরানের সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়, রাজধানী তেহরান থেকে করাজগামী পথে অবস্থিত ‘মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু’ হিসেবে পরিচিত এই অবকাঠামোতে হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত সেতুটি লক্ষ্য করে হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর ইরান জানিয়েছে, আঞ্চলিক সেতুগুলোকে এখন “বৈধ লক্ষ্য” হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির দাবি, হামলার লক্ষ্য ছিল একটি বেসামরিক অবকাঠামো, যার কোনো সামরিক ব্যবহার নেই।

এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। ইরানের একটি হ্যাকার গ্রুপ প্রতিশোধ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ ব্রিজে হামলার হুমকি দিয়েছে।

তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি এবং দেশের শিল্প সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে। এর আগে খুজস্তান, ইসফাহান, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের স্টিল কারখানা, রেড ক্রিসেন্টের ওষুধ কারখানা, বিদ্যুৎ উপকেন্দ্র এবং তেহরানের চেম্বার অব কমার্স ভবনে হামলার ঘটনা ঘটেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১৬ জন শিশু।