ভ্রমণ শেষে নিরাপদে বাড়ি ফেরার দোয়া
ছবি: সংগৃহীত
মানুষ জীবনের প্রয়োজনে প্রতিনিয়ত ভ্রমণ করে—কখনো কাজের উদ্দেশ্যে, কখনো জ্ঞান অর্জনে, আবার কখনো বিশ্রাম বা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু প্রতিটি সফরের শুরু ও শেষেই থাকে অনিশ্চয়তা।
তাই একজন মুমিন বান্দা ভ্রমণে বের হওয়ার সময় যেমন আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করে, তেমনি নিরাপদে ঘরে ফিরে আসার পরও তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কল্যাণ কামনা করে। এই প্রেক্ষাপটে কোরআনের একটি দোয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তা হলো—
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
উচ্চারণ : রাব্বি আদখিলনী মুদখালা সিদক্বিও ওয়া আখরিজনী মুখরজা সিদক্বিও, ওয়াজআলনী মিল্লাদুনকা সুলতানান নাসীরা।
অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে বাহির করাও কল্যাণের সঙ্গে; আর তোমার পক্ষ থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি।’ (সুরা: বনী ইসরাঈল, আয়াত: ৮০)
এই দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে তার জীবনের প্রতিটি ভ্রমণ কল্যাণময় ও নিরাপদ হওয়ার জন্য প্রার্থনা করে।
সংক্ষিপ্ত ব্যাখ্যা : এই দোয়ার মধ্যে গভীর অর্থ ও শিক্ষা নিহিত রয়েছে।
এখানে ‘মুদখালা সিদকিও’ (সত্য ও কল্যাণের সাথে প্রবেশ) এবং ‘মুখরজা সিদকিও’’ (সত্য ও কল্যাণের সাথে বের হওয়া)-এই দুটি বাক্যাংশ মানুষের জীবনের প্রতিটি যাত্রা ও প্রত্যাবর্তনের জন্য প্রযোজ্য।
এছাড়া ‘সুলতানান নাসীরা’ (সাহায্যকারী শক্তি) চাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে শুধু নিরাপত্তাই নয়, বরং এমন শক্তি কামনা করে, যা তাকে বিপদ-আপদ, শয়তানের কুমন্ত্রণা এবং দুনিয়ার নানা ফিতনা থেকে রক্ষা করবে।
অতএব এই দোয়া আমাদের শেখায়, জীবনের প্রতিটি শুরু ও শেষ যেন হয় সত্য, কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সব ভ্রমণ নিরাপদ করুন এবং প্রতিটি প্রত্যাবর্তনকে করুন রহমতপূর্ণ ও বরকতময়।
আমিন।