জমি নিয়ে বিরোধে ভাতিজাকে খুনের অভিযোগ, জনতার হাতে চাচা আটক
প্রতিকি ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আকতারুজ্জামান মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, পূর্ব ফকিরপাড়া এলাকায় আকতারুজ্জামানের নানির বসতভিটার জমি নিয়ে তার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে চাচারা সংঘবদ্ধ হয়ে আকতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত দুই চাচা শাহিনুর ও নুরুজ্জামান পালিয়ে গেলেও স্থানীয়রা মতিন (৪০) নামে এক চাচাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে