গাজীপুরে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুরে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। এ ঘটনায় ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিয়াদুল নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর গ্রামের ওসমান গণির ছেলে।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। পরবর্তীতে সিআইডি গাজীপুর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে গত ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে আসামির দেখানো মতে তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেডের ওপর থেকে চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।

সিআইডি গাজীপুরের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।