বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের লাশ দেশে পৌঁছেছে
সংগ্রহীত ছবি
মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের এস এম তারেকের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের বিমান যোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এটি পৌঁছায়।
বিমানবন্দরে সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ।
এসময় মরহুমের মামাতো ভাই চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারী মোশারেফ হোসেন, বিএনপি নেতা তরিকুল আলম তেনজিংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে মরদেহটি স্বজনরা গ্রহণ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে মরদেহ তার চট্টগ্রাম শহরস্থ ঈদগাঁ রামপুরের বাসায় নেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হালিশহর ঈদগাঁ বউবাজার দুলহান কমিউনিটি সেন্টার সংলগ্ন ফজুমিয়া কন্টাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপ প্রবাসী এস এম তারেক নিহত হন।
তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘ ২৭ বছর কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।
শুক্রবার বাহরাইন সময় সকাল ১১টায় সেখানে স্থানীয় কুয়েত মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাহরাইনে অবস্থিত ব্যাপকসংখ্যক প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশগ্রহণ করেন।