এবার যুক্তরাষ্ট্রের এ-১০ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
সংগ্রহীত ছবি
যুক্তরাষ্ট্রের একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরের পরপরই ইরানের এই নতুন দাবিটি সামনে এলো।
অবশ্য, এ-১০ মডেলের যুদ্ধবিমানটি কীভাবে ভূপাতিত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। এছাড়া, যুদ্ধবিমানের ভূপাতিতে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর দ্বিতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
নিরাপত্তার খাতিরে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ পাইলটরা বর্তমানে ইরানের দুর্গম কোনো এলাকায় আত্মগোপন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর জানান, কোনো বেসামরিক নাগরিক যদি ওই পাইলটদের আটক বা হত্যা করতে পারেন, তবে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই ঝটিকা সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার এটিই সৌদি আরবে প্রথম সফর। এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মেলোনির।
ইতালির প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের ক্রমাগত হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানানো। একইসঙ্গে ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এই সফরের অন্যতম লক্ষ্য।
কারণ বর্তমানে জ্বালানির ক্রমবর্ধমান দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে ইতালীয় সরকার। মধ্যপ্রাচ্যে মেলোনি দুই দিন অবস্থান করবেন বলে জানা গেছে।