নাটোরে বাসের চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

নাটোরে বাসের চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা বাসের চাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন ঘুনপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ম ভেঙে উল্টো পথে চলছিল। মহাসড়ক পারাপারের সময় বাসটি রুবেলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে সে পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।